
নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা মেয়র প্রার্থী মাসুদ রানা পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে এবং মাদকবিরোধী ও জনসচেতনতামূলক বার্তা সম্বলিত কয়েকটি ব্যানার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে টাঙিয়েছেন। তবে গত কয়েক দিনে রাতের আঁধারে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাদক, জুয়া, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্যানারগুলো টাঙানো হয়েছিল। এর মধ্যে কয়েকটি ব্যানার কে বা কারা রাতের আঁধারে ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা মেয়র প্রার্থী মাসুদ রানা বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু জনসচেতনতামূলক কার্যক্রমের ব্যানার ছিঁড়ে ফেলা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সবাইকে প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘মাদক, জুয়া, চাঁদাবাজিসহ সমাজের সব ধরনের অপকর্মের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত পৌরসভা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’






















