
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামে মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বাধা দেওয়ায় বসতবাড়িতে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাটখিল উপজেলা বিএনপির সদস্য আবু তাহের আহত হয়েছেন। এই ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রুহুল আমিন (৫৮) নামে এক ব্যক্তি চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মাঈন উদ্দিন (৩০) ও তার স্ত্রী রুমা আক্তার (২৩)সহ অজ্ঞাতনামা ৫-৬ জন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
তিনি আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে আবু তাহের (৪৯) এর উপর হামলা করে এলোপাতাড়ি মারধর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া অন্যদের ওপরও হামলার চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় হুমকি দিয়ে যায় যে, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি বা আইনগত পদক্ষেপ নিলে ভুক্তভোগী ও সাক্ষীদের ওপর আরও হামলা, এমনকি খুন বা গুম করা হতে পারে।
ভুক্তভোগী রুহুল আমিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের অবগত করেও কোনো সমাধান না পেয়ে তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আলম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





















