
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ৮নং নোয়াখোলা ইউনিয়নের করিহাটি গ্রামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত ৮ই মে দিবাগত রাতে স্থানীয় মোঃ শাহাজাহানের বসতবাড়িতে একদল সশস্ত্র যুবক হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ শাহাজাহান (৬০) জানান, গত ৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার সীমান্তবর্তী এলাকার চিহ্নিত কিছু উশৃঙ্খল যুবক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলায় অভিযুক্তরা হলেন— ঘাসেরখিল এলাকার শামীম, রিমন, আরমান, বাবু, রায়হান, আশিক এবং হোসেনপুরের বিহন ও সাদুখিলের তাওহিদসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহাজাহানের ছেলে আবুল কাশেমের (১৮) সাথে বিবাদীদের পূর্ব বিরোধ ছিল। সেই বিরোধের জেরে ঘটনার দিন প্রথমে করিহাটি বাজারে আবুল কাশেম ও তার বন্ধুদের মারধর করে বিবাদীরা। এর কিছুক্ষণ পরই তারা দেশীয় অস্ত্র নিয়ে শাহাজাহানের বসতবাড়িতে চড়াও হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ঘর কোপায় এবং আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
হামলার সময় প্রাণের ভয়ে শাহাজাহানের স্ত্রী ও কন্যা ঘর থেকে বের হয়ে গেলে সন্ত্রাসীরা ঘরে থাকা ২ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৫০ হাজার টাকা লুটে নেয়। এসময় তারা নারীদের উদ্দেশ্য করে অশ্লীল গালিগালাজ করে। এলাকাবাসী ও মসজিদের মুসুল্লিরা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী শাহাজাহান বলেন, “আমরা এখন চরম আতঙ্কে আছি। সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।”
এ বিষয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















