
নোয়াখালী প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, রাষ্ট্র সকলের, রাষ্ট্রের মালিক জনগন। ৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিলো তাদের রাষ্ট্রের মালিকানা তারা ফিরে পেয়েছে। কিন্তু জনগণ তাদের এ আশাটাকে হৃদয়ে ধরে রাখতে পারেনি। আমাদের মধ্যে আজকে মতপার্থক্য তৈরি হয়েছে, যা কেউ বড় করে দেখছে কেউ ছোট করে দেখছেন।
বুধবার (২৫ জুন) বিকেলে জেলা শহর মাইজদীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজন অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। বিএনপি জনগণের সাথে আছে। আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে আমাদের দলের নেতাকর্মীরা কম রক্ত দেয়নি। আমরা এ অভ্যূত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমরা দায়বদ্ধ। আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চাই। তাই আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। যে নির্বাচনে ছোট-বড় সকল দল অংশগ্রহণ করবে। এটা নিয়ে ভুলবুঝাবুঝির কোনো অবকাশ নেই।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















