
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে পৈত্রিক সম্পত্তিতে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রবাসী এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বড় ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের মিঝি বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. জাবেদ আলম সজল (৩০) একই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি ছুটিতে দেশে আসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জাবেদ আলম সজল পৈত্রিক ওয়ারিশি সম্পত্তিতে আম পাড়তে গেলে তার সহোদর বড় ভাই মঞ্জুর হোসেন ও পরিবারের অন্য সদস্যরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
একপর্যায়ে অভিযুক্তরা চাইনিজ কুড়াল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে জাবেদ আলমের মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় এবং লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। হামলায় তার ডান হাতেও গুরুতর আঘাত লাগে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলার সময় জাবেদের গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন ও পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে স্ত্রী ফারজানা আক্তার আইরিনকেও মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাবেদ আলমের মাথায় ১৮টি সেলাই দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের স্ত্রী ফারজানা আক্তার আইরিন চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





















