
জেলা প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর সেনবাগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শনিবার দুপুরে ছাতারপাইয়া গ্রামের মৃত মজিবুল হকের পুত্র মুক্তিযোদ্ধা একরামুল হক বাদী হয়ে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার ছাতারপাইয়া মৌজার সাবেক ১২৪ দাগে ৫৮ শতাংশ সম্পত্তির উপর ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভবন বিদ্যমান রয়েছে। ১৩৭ দাগে ২৮ শতাংশ সম্পত্তি মুক্তিযোদ্ধা একরামুল হক গংরা স্কুলকে মৌখিক দান করেন। বর্তমানে ৭৫ দাগে ৬০ শতাংশ সম্পত্তির মধ্যে স্থানীয় প্রভাবশালী একটি মহল লোহার অ্যাঙ্গেল দিয়ে টিনসেট ঘর নির্মাণ করার চেষ্টা করে প্রায় ৪ শতাংশ জায়গা দখলের পায়তারা করছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে সরে জমিনে গেলে ভুক্তভোগী একরামুল হক অভিযোগ করে জানান, এ জায়গাটি তাদের ওয়ারিশী সম্পত্তি।তিনি বর্তমানে প্রবাসে থাকেন। এ সুযোগে ভূমিদস্যু একটি চক্র তাদের সম্পত্তি দখলের পাঁয়তারা করে। এ নিয়ে বিজ্ঞ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা তা মানছে না।
স্থানীয় প্রভাবশালী আবুল খায়ের মিয়ার বক্তব্য নিতে তার মুঠো ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়।
ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজান আলমের বক্তব্য নিতে তার মুঠোফোন একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
সেনবাগ থানার ওসি তদন্ত হযরত আলী বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















