
স্টাফ রিপোর্টার:-লক্ষ্মীপুরের রামগতিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় ইমাম হাফেজ নুর নবী।বুধবার (৪জুন)সকালে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চরকলাকোপা গ্রামের হাফেজ নুরনবী’র নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়,সকালে হাফেজ নুর নবীর নতুন বাড়ির জমি
পরিমাপ করা হচ্ছিল।জমি পরিমাপ শেষে আমিনকে পারিশ্রমিক দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে একই এলাকার বাসিন্দা রিয়াজ হোসেন(৩৫)ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা একটি সিমেন্টের খুঁটি দিয়ে ইমাম হাফেজ নুর নবীর মাথায় আঘাত করেন।এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন।এ সময় বাবাকে উদ্ধার করতে এগিয়ে গেলে নুর নবীর ছেলে ফরহাদ (১৯)-কেও মারধর করা হয়।এ হামলায় তার চোখে গুরুতর আঘাত লাগে বলে জানা গেছে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে নুর নবীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।আহত ইমামের স্ত্রী অভিযোগ করে বলেন, জমি-সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত রিয়াজ এর আগেও তাদের পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলা ও মারধর করেছেন।সর্বশেষ গতকাল সিমেন্টের খুঁটি দিয়ে তার স্বামী স্থানীয় মসজিদের ইমাম নুর নবীর মাথায় আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও দাবি করেন তিনি।তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত রিয়াজ হোসেন উপজেলার ৩ নম্বর চরপোড়াগাছা
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামের মো. ইউসুফের ছেলে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, তার ছোট ভাই আলাউদ্দিন সম্রাট ঢাকা উত্তর-পশ্চিম থানা স্বেচ্ছাসেবকদলের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হওয়ায় সেই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে রিয়াজ এলাকায় প্রভাব বিস্তার ও বল প্রয়োগ করে থাকেন।এ বিষয়ে অভিযুক্ত রিয়াজ হোসেন বলেন,আমার চাচা হাফেজ নুর নবীর মাথায় আঘাত করার বিষয়টি সঠিক নয়। কথা কাটাকাটির একপর্যায়ে উনি পড়ে গিয়ে বাঁশে খনছির সাথে আঘাত লেগেছে।রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















