
নোয়াখালী প্রতিনিধি
সৌদি বাদশাহর উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত খেজুর নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণের নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার জন্য ২৫ কার্টুন এবং চাটখিল উপজেলার জন্য ২৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খেজুর সংশ্লিষ্ট উপজেলার এতিমখানাগুলোতে বিতরণ করা হবে।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ বিষয়ে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা প্রশাসন এতিমখানাগুলোতে খেজুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে সৌদি বাদশাহর পক্ষ থেকে এতিমদের জন্য এই উপহার তাদের মাঝে আনন্দ ও স্বস্তি বয়ে আনবে।

















