চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকাল ১১টায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে স্বেচ্ছাসেবী ফোরাম অব চাটখিলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নির্মম ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের সকল শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পূর্বের বিচারাধীন নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং রামিসা হত্যার বিচার দাবিতে সংহতি প্রকাশ করেন।