প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৬:১২ পি.এম
নোয়াখালীতে ৩ হাজার ডিজেল জব্দ,মুদি দোকানদার আটক

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক মুদি দোকান থেকে ৩০০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মুদি দোকানদারের নাম মো.আলাউদ্দিন (৪৬)। তিনি উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানদার আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন। এতে চলমান তেল সঙ্কটে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন। জেলা এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানারহাট পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল থানারহাট পুলিশ ফাঁড়িতে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক মুদি দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুুুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 আলোকিত নোয়াখালী. All rights reserved.