মোঃ রেজাউল করিম রাজু, নোয়াখালীঃ
সারা দেশে তীব্র প্রাকৃতিক গ্যাস সংকটের মধ্যে বিকল্প জ্বালানির দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের উদ্যোক্তা হাজী আবদুর রহমান (সোহাগ)। নিজ খামারের গোবর ব্যবহার করে তিনি স্থাপন করেছেন একটি আধুনিক বায়োগ্যাস প্ল্যান্ট, যা থেকে উৎপাদিত গ্যাস দিয়ে রান্না, বিদ্যুৎ উৎপাদন ও জৈবসার প্রস্তুত করা হচ্ছে।

জানা যায়, প্রায় দুই বছর আগে মাত্র চারটি গরু দিয়ে পরীক্ষামূলকভাবে বায়োগ্যাস প্রকল্পের যাত্রা শুরু করেন তিনি। বর্তমানে তার মাহমুদা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে রয়েছে ২২টি গরু। প্রতিদিন উৎপাদিত বায়োগ্যাস দিয়ে তার পরিবারের রান্নার কাজ পরিচালিত হচ্ছে। পাশাপাশি আশপাশের প্রায় ২০টি পরিবারও এই গ্যাস ব্যবহার করছে। উৎপাদিত গ্যাস থেকে বিদ্যুৎ তৈরি করে খামার ও বসতবাড়ির টেলিভিশন, ফ্রিজ, মোটর ও বৈদ্যুতিক বাতিসহ সব চাহিদা পূরণ করা হচ্ছে।
এছাড়া, বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য থেকে উন্নতমানের জৈবসার তৈরি হচ্ছে, যা কৃষিজমিতে ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি ও মাটির উর্বরতা বজায় রাখা সম্ভব হচ্ছে।
উদ্যোক্তা আবদুর রহমান (সোহাগ) জানান, সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে তিনি শরীফপুর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে বায়োগ্যাসের সুবিধা সম্প্রসারণ করতে চান। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অঞ্চলে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
স্থানীয় কৃষকদলের নেতা মোঃ কামাল হোসেন বলেন, জাতীয় পর্যায়ে জ্বালানি সংকটের সময়ে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এলাকাবাসীর মতে, সোহাগের এ উদ্যোগ ভবিষ্যতে উপজেলায় বিকল্প জ্বালানির একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।